দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ
- সর্বশেষ আপডেট ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 8
দেশে চলমান গ্যাস সংকট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসক্ষেত্রে ফ্রিজিং কার্যক্রম চলছে। এ কাজ শেষ হলে বিকেল থেকেই ধাপে ধাপে গ্যাস সঞ্চালন শুরু হবে। এরপর পাইপলাইনে চাপ (প্রেসার) স্বাভাবিক হতে শুরু করবে এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।
তিনি জানান, গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। তবে ধীরে ধীরে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। এরপর পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।




































