নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি
- সর্বশেষ আপডেট ০৬:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 80
গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ স্মারকলিপি জমা দেন জোটের নেতারা। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নেতারা বলেন, গ্যাসের সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে।
তারা দ্রুত জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে; ভূতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁইয়া, সদর উপজেলা আমির মাহফুজ ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার, ছাত্রশিবিরের জেলা সভাপতি আমিনুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।






























