শিশু উদ্ধারে দীঘিনালা পুলিশের সাফল্য
- সর্বশেষ আপডেট ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 20
খাগড়াছড়ির দীঘিনালায় পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক শিশুকে উদ্ধার করে মাত্র এক রাতের মধ্যেই তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে দীঘিনালা থানা পুলিশ। পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগে শিশুটির পরিচয় শনাক্ত করে আইনানুগ প্রক্রিয়া শেষে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির এলাকার একটি চায়ের দোকানের সামনে প্রায় ১০ বছর বয়সী এক শিশুকে একা বসে থাকতে দেখে স্থানীয়রা। শিশুটি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে না পারায় স্থানীয় বাসিন্দা মো. সুজন তাকে দীঘিনালা থানায় নিয়ে যান।
থানায় নেওয়ার পর শিশুটিকে নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদে রাখা হয়। একই সঙ্গে তার পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতার বার্তার মাধ্যমে তথ্য ও ছবি পাঠানো হয়। পরে খাগড়াছড়ি সদর থানার সহযোগিতায় শিশুটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আরমান হোসেন (১০)। তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীডালা এলাকায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শিশুটির মা মোছা. আমেনা আক্তার দীঘিনালা থানায় এসে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে নিজের সন্তান হিসেবে শনাক্ত করেন। শিশুটিও মাকে শনাক্ত করলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মায়ের জিম্মায় তুলে দেওয়া হয়।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিশুটিকে দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে পুলিশ স্বস্তি বোধ করছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
এদিকে, পথ হারানো শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় দীঘিনালা থানার পুলিশের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।































