প্রধানমন্ত্রীর সাক্ষাতে পূরণ হলো ক্ষুদে শিল্পী অনুশ্রীর স্বপ্ন
- সর্বশেষ আপডেট ০৬:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 91
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সে। এ সময় প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম উপহার দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীর গান শুনে তার প্রশংসা করেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুশ্রীও প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শোনায়।
জানা যায়, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। সেখানে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তা এবং একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছিল। পরে সেই চিঠির ভিত্তিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ও তার পরিবারকে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাতের পর আবেগাপ্লুত অনুশ্রী জানায়, সে কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কিংবা তিনি তা পড়ে সাক্ষাতের সুযোগ করে দেবেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে একটি হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি বলেই সে চিঠিটি লিখেছিল।
অনুশ্রীর বাবা বলেন, মেয়ের ইচ্ছা পূরণ হওয়ায় তাদের পরিবারের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাকিব তার নিজ এলাকা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, সেতু নির্মিত হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
































