পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
নিহত বাংলাদেশিদের চারজন একই পরিবারের
- সর্বশেষ আপডেট ০৩:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 12
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের সঙ্গে উপ-হাইকমিশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নিহত অন্য চারজনের পরিচয় এখনো স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ ঘটনায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে সার্বক্ষণিক হেল্পলাইনও চালু করা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।


































