নীলফামারীতে সুশীল গীর হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৫:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 5
নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২), শ্যামল চন্দ্র রায় (৪৫), তার ছেলে আকাশ চন্দ্র রায় (২২) এবং মৃত হরেন গীরের ছেলে বিকাশ ওরফে আনোয়ার গীর (৪৫)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সুশীল গীর। পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাশ ওরফে আনোয়ার গীরকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরে অভিযান চালিয়ে ববিতা রানী রায়, শ্যামল চন্দ্র রায় ও আকাশ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে গ্রেপ্তার চারজনকে কিশোরগঞ্জ থানায় আনা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, সুশীল গীর হত্যার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একজনকে নীলফামারী এবং অপর তিনজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।





























