শিক্ষা সফরে যাওয়ার পথে প্রাণ গেল দুই শিক্ষকের

- সর্বশেষ আপডেট ১২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 129
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা থেকে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বাসটি কক্সবাজার যাচ্ছিল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দুটি বাসে করে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে সাতকানিয়ার রেলক্রসিং পার হওয়ার কিছু দূর পর দ্বিতীয় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন ইস্রাফিল ও সোহানা আফরোজ নামে দুই শিক্ষকের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
































