৯ মাস পর পরিবারের দেখা পেলেন ইমরান খান
- সর্বশেষ আপডেট ০২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 36
দীর্ঘ নয় মাস পর অবশেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বোন ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে ডনের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নোরিন নিয়াজি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কারাগারের কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ হয়। বৈঠকটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।
সাক্ষাতে ইমরানের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় নোরিন নিয়াজি তাকে শীর্ষ আদালতের সাম্প্রতিক আদেশের বিষয়েও অবহিত করেন। ওই আদেশে শারীরিক পরীক্ষার জন্য ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সাক্ষাতের পর কোনো রাজনৈতিক মন্তব্য করেননি নোরিন। এর আগে সুপ্রিম কোর্ট সতর্ক করে জানিয়েছিল, কারাগারে সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে।
নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য বোন আলিমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এরপর পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করেন ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, একই কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়।
এদিকে একই কারাগারে বন্দী বুশরা বিবিও দীর্ঘদিন পর তার আগের সংসারের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পান। মুসা, মুবাশশারা মানেকা ও জা মেহেরুন্নেসার সঙ্গে তিনি প্রায় ৪০ মিনিট সময় কাটান।
২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। সেখানে তার চিকিৎসা চলার কথা রয়েছে।





























