বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 105
বাগেরহাটের কচুয়া উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ।
নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। তারা একই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিয়ে ঘরের ভেতরে তিনজনের গলিত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে এ ঘটনা ঘটেছে। বাড়িতে নিয়মিত যাতায়াত না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।
ওসি হারুন আর রশিদ জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।





























