প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 28
ঢাকার আদালত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদী।
এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন বিষয়টির নিষ্পত্তি আদালতের মাধ্যমে হবে।
এদিকে তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। আদালতের সমন জারির পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রীর নাম।



































