রোহিঙ্গা ইস্যুতে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 119
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর আরও কার্যকর সমর্থন কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্যভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতরা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ একাধিক খাতে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ওআইসি দেশগুলোর দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কুয়েত, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



































