৩ দিনের রিমান্ডে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর
- সর্বশেষ আপডেট ০৬:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 11
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিনই তাকে বগুড়ায় নিয়ে আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তি ও মানহানিকর বক্তব্যসংবলিত পোস্ট দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় তানভীরকে আসামি করা হয়।































