দেশে ফেরাতে নতুন উদ্যোগ
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল-ফার্ম নিয়োগ

- সর্বশেষ আপডেট ০৭:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 148
দুবাইয়ের আদালতে শর্তসাপেক্ষে জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে নতুন আইনি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল-ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। ওই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষে দুবাইয়ে একটি ল-ফার্ম কাজ শুরু করেছে।
তিনি বলেন, ‘জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনার আশা করছি।’
সালাউদ্দিন আহমদ আরও জানান, পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ল-ফার্ম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এদিকে, রোববার দুপুরে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদপ্তর জানায়, এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো দাপ্তরিক তথ্য নেই। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানাতে পারবে।
































