সোনারগাঁয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের দাবি
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 18
সোনারগাঁয়ের গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশ ঐতিহাসিক পঙ্খীরাজ নদী ও এর আশেপাশের খালগুলো পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পঙ্খীরাজ নদীসহ অন্যান্য নদী ও খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও কামরুল ইসলাম পাপ্পু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ে একসময় শতাধিক খাল ছিল। সেই খালগুলো কয়েক দশকের ব্যবধানে অবৈধ দখলদারের হাতে দখল হয়ে গেছে। এছাড়া অনেক খালে শিল্প প্রতিষ্ঠান তাদের দূষিত বর্জ্য ফেলার কারণে দূষণের কবলে পড়েছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতেই সোনারগাঁয়ে চরম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
বক্তারা আরো বলেন, সোনারগাঁকে ঘিরে রেখেছে মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র ইতিমধ্যে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র দখল দুষনে বিপর্যস্ত। কোনরকমে মেঘনার প্রবাহ স্বাভাবিক থাকলেও এটিও যেকোনো সময় দূষণের ঝুঁকিতে রয়েছে।
বক্তারা সরকারের কাছে দাবি জানান, যাতে দ্রুত সোনারগাঁয়ে সকল খাল ও নদী খনন এনং পুনরুদ্ধার করা হয়।





































