মডেল পৌরসভা গড়ার লক্ষ্য দোলনের
- সর্বশেষ আপডেট ০৯:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 17
নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভাকে আধুনিক, নান্দনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান সরকার দোলন।
তৃণমূল থেকে উঠে আসা এই বিএনপি নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
রাজনৈতিক জীবনে তিনি মনোহরদী উপজেলা ছাত্রদলের তিনবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি বিএনপির দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন।
মনোহরদী ও বেলাবোর রাজনৈতিক অঙ্গনে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিত আমিনুর রহমান সরকার দোলন। স্থানীয় সূত্রগুলো বলছে, স্বাস্থ্যমন্ত্রী বকুল এমপির দিকনির্দেশনা ও সহযোগিতায় মনোহরদী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনোহরদী পৌরসভাকে দ্রুত লোডশেডিংমুক্ত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে আমিনুর রহমান
সরকার দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার আলোচনা রয়েছে। স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক পরিসরে তার জনপ্রিয়তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নিজের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আমিনুর রহমান সরকার দোলন বলেন, “আমি প্রচারে নয়, কাজে বিশ্বাসী। জননেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সার্বিক সহযোগিতায় মনোহরদী উপজেলা ও পৌরসভার চেহারা বদলে দিতে চাই। আমাদের লক্ষ্য, মনোহরদীকে নরসিংদীর অন্যতম উন্নত ও একটি মডেল পৌরসভায় পরিণত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমি পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সচেতন মহলের মতে, পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনসম্পৃক্ত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে মনোহরদী পৌরসভা দেশের অন্যতম আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।































