বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- সর্বশেষ আপডেট ০৯:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 96
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ এলএনজি আমদানি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এ অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে।
সংস্থাটি জানায়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা পূরণে বাংলাদেশ আমদানিকৃত এলএনজির ওপর অনেকটাই নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্য অস্থিরতা ও সরবরাহ ঝুঁকি বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি অর্থ ব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।
বিশ্বব্যাংক বলেছে, দীর্ঘস্থায়ী সংঘাত জ্বালানি ও সার সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে, যার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে নিম্নআয়ের মানুষ।
অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে এলএনজি আমদানির জন্য ব্যয়-সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে এবং পেট্রোবাংলার আমদানি ব্যয় পরিশোধে সহায়তা বাড়ানো হবে।
সংস্থাটি আরও জানায়, এ অর্থায়নের ফলে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি সংগ্রহ করতে পারবে। এতে ব্যয়বহুল স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমবে এবং সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।


































