দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড
- সর্বশেষ আপডেট ১২:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 14
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি সুপর্ণাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার দিন কারাগার থেকে সুপর্ণাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে তার নিজের এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনাসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে নির্দেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তিনি দুদকে সম্পদের বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।
মামলাটি তদন্তের পর ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ এম তাহের। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
বিচার চলাকালে মামলায় মোট পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে মঙ্গলবার আদালত সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দেন।






























