হাইকোর্টের রায়
চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড নয়
- সর্বশেষ আপডেট ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 45
চেক ডিজঅনার মামলায় চেকে উল্লেখ করা সম্পূর্ণ টাকা পরিশোধ এবং পক্ষগুলোর মধ্যে আপস-মীমাংসা হয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা তার কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, চেক ডিজঅনার মামলার মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাগারে পাঠানো নয়; বরং পাওনা অর্থ আদায় নিশ্চিত করাই এ ধরনের মামলার প্রধান উদ্দেশ্য।
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
‘মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলায় গত ৬ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হয়।
মামলাটিতে দণ্ডিত ব্যক্তি চেকের টাকা এবং সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা সম্পূর্ণ পরিশোধ করে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট তার এক বছরের কারাদণ্ড বাতিল করে দেন।
একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আবেদনকারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদীপক্ষে (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স) ছিলেন আইনজীবী মো. জিসান মাহমুদ ও আইনজীবী তাসনুভা কায়সার।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি)।
হাইকোর্টের এ রায়ে চেক ডিজঅনার মামলায় পাওনা অর্থ আদায় এবং পক্ষগুলোর মধ্যে সমঝোতা হলে কারাদণ্ডের পরিবর্তে বিষয়টির নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।






























