শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
- সর্বশেষ আপডেট ০১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 11
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী জানান, শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির স্থানীয় নেতারা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে গাড়িবহরে সিলেট সার্কিট হাউসে যান মির্জা ফখরুল। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন তিনি।
মাজার জিয়ারত শেষে শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার পর সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিকেলে নাগরিক সংবর্ধনা শেষে তিনি আবার সার্কিট হাউসে ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। রাত সাড়ে ৯টার দিকে তার বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।































