প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর: শুরুতেই শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত
- সর্বশেষ আপডেট ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 8
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (০২ মে) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আকাশপথে সিলেটে পৌঁছান। তার এই সিলেট সফর-কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে তিনি সরাসরি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।
সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও সেগুলোতে অংশ নেবেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সিলেট সফর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তারেক রহমান সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি দলীয় সভায় যোগ দেবেন। সেখানে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে মতবিনিময় করবেন। এর আগে তিনি ঢাকা থেকে রওনা হওয়ার আগে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বিমানবন্দরে পৌঁছান। আজকের সংক্ষিপ্ত সিলেট সফর শেষ করে সন্ধ্যায় তার পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।




























