নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০২:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 106
নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে মাহফুল মিয়া ওরফে মাসুল (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুল মিয়া দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। ভোর ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ওসি আবুল খায়ের জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।






























