জিডিজেএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 8
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম (জিডিজেএফ)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জিডিজেএফের যৌথ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন ইসলাম।
সভায় বক্তব্য দেন মোরছালীন বাবলা, এবিএম রফিকুর রহমান, মোহাম্মদ মোমিন হোসেন, আতিকুল ইসলাম, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল ও লুৎফর রহমান।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকায় বসবাসকারী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তারা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম ও বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোরছালীন বাবলা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোমিন হোসেনের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নূরুদ্দিন আহমেদ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় কাওসার রহমান, এস এম মনিরুল ইসলাম, অনজন রহমান, নুরুন্নবী রবি, কুশর ইয়াসিরসহ জিডিজেএফের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




































