শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 177
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসজেইউ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর শহরের চৌরঙ্গীর মোড়ের বেপারী প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক হুংকারের নির্বাহী সভাপতি এম. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওনের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম বাবুল (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. রোমান আকন্দ (আমাদের সময়), সহ-সাংগঠনিক সম্পাদক কালাম সরদার (যায়যায়দিন) ও সুমন খান (বিশ্ব মানচিত্র)।
এ ছাড়া দপ্তর সম্পাদক কাওছার হোসেন (নওরোজ), জনকল্যাণ সম্পাদক সোহাগ সরদার (ডেইলি আর্থ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোস্তফা সরদার (সমাবেশ), শিক্ষা সম্পাদক শফিকুল ইসলাম সোহেল (নিরপেক্ষ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক দাউদ মো. তুহিন (আজকের আওয়াজ) এবং আপ্যায়ন সম্পাদক মনির হোসেন (খবরের আলো)সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদের যৌক্তিক দাবি ও পেশাগত স্বার্থ রক্ষায় সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।






























