চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও মশক নিধন
- সর্বশেষ আপডেট ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 47
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’; এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
চরফ্যাশন পৌরসভার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া সচেতনতামূলক র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার চালানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে।
পরে পৌর প্রশাসক রুমানা আফরোজের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, ড্রেন, ঝোপঝাড় ও বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়। একই সঙ্গে মশক নিধন অভিযানও চালানো হয়।
কর্মসূচিতে চরফ্যাশন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও মৌসুমি মশাবাহিত রোগের প্রকোপ মোকাবিলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






























