জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন
- সর্বশেষ আপডেট ০৮:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 17
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। এ সময় মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের কারণে তাকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে।
এর আগে বাংলাদেশ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে আসীন হওয়ায় বিষয়টিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই সময়ে শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে বহাল থাকেন।
পরবর্তীতে ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়। প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করেন।
নতুন পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকাকালে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, জরুরি সিদ্ধান্ত এবং প্রশাসনিক বিষয়েও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

































