দীঘিনালায় মাদকবিরোধী র্যালি, পুলিশের কঠোর বার্তা
- সর্বশেষ আপডেট ০৭:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 15
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধ গড়ে তুলতে খাগড়াছড়ির দীঘিনালায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি দীঘিনালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে আসে। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এ সময় এসআই রাজিব শেখ, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, পুলিশ সদস্য, বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও তানজিল পারভেজ বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু প্রশাসন বা পুলিশের একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’ তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সরবরাহ, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
র্যালি ও সমাবেশে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আয়োজকরা জানান, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।































