চরফ্যাশনে জালিয়াতির অভিযোগে উপাধ্যক্ষের এমপিও স্থগিত

- সর্বশেষ আপডেট ০৪:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 145
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাকির হোসেনের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাঁর নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অভিযোগ রয়েছে, ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. জাকির হোসেনকে কোনো বৈধ ও প্রকাশ্য নিয়োগ প্রক্রিয়া ছাড়াই দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এই নিয়োগের পেছনে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আবুল বশার হেলালী ও জাকির হোসেনের মধ্যে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে।
এ ছাড়া ওই নিয়োগকে বৈধতা দিতে অধ্যক্ষ মাওলানা আবুল বশার হেলালীর বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির স্বাক্ষর জাল করে নিয়োগ-সংক্রান্ত নথি তৈরি করা হয়। পরে ওই নথির ভিত্তিতেই জাকির হোসেনের এমপিও অনুমোদন করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নজরে আসার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে জাকির হোসেনের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সঙ্গে তাঁর নিয়োগ ও এমপিওভুক্তি কেন বাতিল করা হবে না এবং এ বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর স্থানীয় শিক্ষক-কর্মচারী ও পরিচালনা কমিটির সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী।

































