খামেনিসহ নিহতদের হত্যার বিচার করবে ইরান
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 21
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত সব নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে তেহরান। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক পথ ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত প্রত্যেক নাগরিকের হত্যার বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি।
তিনি বলেন, “এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করবে।”
বাঘেই জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কথিত অপরাধের প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সুযোগ কাজে লাগাবে ইরান।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন ইরানের এই মুখপাত্র।


































