সাভারের তিন ইউনিয়ন নিয়ে মহাসড়কে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৭:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 14
সাভারের তেঁতুলঝড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা তিনটি ইউনিয়ন সাভার উপজেলার সঙ্গেই রাখার দাবি জানান।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েক হাজার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের দাবি, তেঁতুলঝড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হলে স্থানীয় জনগণকে বিভিন্ন সরকারি ও প্রশাসনিক সেবা পেতে বাড়তি দুর্ভোগ পোহাতে হবে। এছাড়া দীর্ঘদিনের প্রশাসনিক পরিচয় পরিবর্তনেরও আশঙ্কা রয়েছে। তাই তিনটি ইউনিয়ন সাভারের আওতায়ই রাখার দাবি জানান তারা।

বিক্ষোভে তেঁতুলঝড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার বলেন, তিনটি ইউনিয়ন কেরানীগঞ্জে নেওয়া হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। এলাকার মানুষ এ সিদ্ধান্ত মেনে নেবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে একটি ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের সাতটি এবং সাভারের তিনটি ইউনিয়ন রয়েছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


































