ভারী বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা
- সর্বশেষ আপডেট ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 11
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।































