শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
- সর্বশেষ আপডেট ০৪:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 19
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় আগামীকাল রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করবেন। এই রায়ে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্ন আক্তারের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।
শনিবার (৬ জুন) রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বিজ্ঞ আদালতের কাছে সাক্ষ্য-প্রমাণে আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই ট্রাইব্যুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলেই আমাদের বিশ্বাস। অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ জানিয়েছেন, তাঁরা আদালত থেকে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
মামলার এজাহার ও অভিযোগ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে নিজের ঘর থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে ডেকে নিজের কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তার মা এবং আসামিদের ঘরের সামনে শিশুটির জুতা দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভবনের বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই শিশুটির খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শিশু রামিসা হত্যা মামলার রায় প্রদানের ক্ষেত্রে দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য দ্রুততার দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর মাত্র চার দিনের মাথায় গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন, যা ওই দিনই ট্রাইব্যুনাল আমলে নেন। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন চার্জশিটভুক্ত সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামীকাল রোববার রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।





































