সতর্কবার্তা সংসদ সচিবালয়ের
ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ভুয়া ডিও পত্র
- সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 7
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড ও স্মারক নম্বর জাল করে একটি ভুয়া ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সংশ্লিষ্টদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, আলোচিত ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদ সচিবালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর অপরাধ এবং এটি আইনত দণ্ডনীয়।
সংসদ সচিবালয় জানায়, বিষয়টি নজরে আসার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদের নামে কোনো ডিও পত্র বা সরকারি চিঠি পাওয়া গেলে তার সত্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের জালিয়াতি সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।































