শাপলা চত্বর হত্যাকাণ্ড গণহত্যা: চিফ প্রসিকিউটর
- সর্বশেষ আপডেট ০৫:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 7
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ঘটনায় দীর্ঘদিন কোনো কার্যকর তদন্ত বা বিচার হয়নি। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে এবং দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। এসব ঘটনায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি পৃথক ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, তদন্তে ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনায় ৩২ জন এবং সিদ্ধিরগঞ্জের ঘটনায় ২০ জন নিহতের বিষয়টি অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এসব ঘটনায় অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযোগের পরবর্তী ধাপে বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।































