রায়ের কপি পেলেই ৭ জনকে ফেরানোর উদ্যোগ
- সর্বশেষ আপডেট ১১:২০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 18
জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আরাফাতসহ সাতজনকে দেশে ফেরাতে রায়ের আনুষ্ঠানিক কপি পাওয়ার পর উদ্যোগ নেবে সরকার। দণ্ডপ্রাপ্ত সবাই বর্তমানে পলাতক রয়েছেন। বিভিন্ন সময়ে তাদের অনলাইন কার্যক্রম থেকে তাদের ভারতে অবস্থানের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যা মামলায় ওই সাতজনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার আওতায় আনার বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।
তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ের আনুষ্ঠানিক কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর ভারতের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবে সরকার।
শামা ওবায়েদ বলেন, মঙ্গলবারই রায় হয়েছে। আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাওয়ার পর ভারতের সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
এর আগে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গত ২০ জুলাই ভারতকে নোট ভার্বাল পাঠায় ঢাকা। একাধিকবার তাগাদা দেওয়া হলেও এ বিষয়ে দিল্লির কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২।
তিনি বলেন, ভারত জানিয়েছে, তাদের দেশেও এ বিষয়ে একটি আইনি প্রক্রিয়া থাকতে পারে। তবে বাংলাদেশে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে বলে জানান তিনি।
২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে প্রথমবার ভারতকে চিঠি দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত এপ্রিলে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
































