আবারও বাড়ানো হলো নিম্নস্তরের সিগারেটের দাম

- সর্বশেষ আপডেট ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 119
দেশে নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের ১০ শলাকার সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই মূল্য ছিল ৬২ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লেও মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দাম অপরিবর্তিত রয়েছে। মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। সে সময় নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সঙ্গে মধ্যম স্তরের দাম ৮০ থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ থেকে ২১০ টাকা করা হয়েছিল।
সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ধারাবাহিকতায় নতুন প্রজ্ঞাপন জারি করে এই স্তরের ১০ শলাকার সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য আরও ৩ টাকা বাড়ানো হলো।






























