বৃষ্টি-পরিত্যক্ত ম্যাচে না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১২:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 19
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে টানা বৃষ্টিতে ম্যাচটি মাঠে গড়ায়নি। পরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
নাগোয়ায় কয়েক দিন ধরেই বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিও ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।
নিয়ম অনুযায়ী, নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি না থামায় সেই সুযোগও কাজে লাগানো যায়নি। শেষ পর্যন্ত দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় নিয়ে সেমিফাইনালের দল নির্ধারণ করা হয়।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭তম। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে জাপান। ওই ম্যাচে ভারত জয় পেলে সেমিফাইনালে আবারও তাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
কয়েক দিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই হারের হতাশা কাটিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চাইবে নিগার সুলতানার দল।





























