দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট
- সর্বশেষ আপডেট ১২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 36
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে বন্যাকবলিত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার এ সহায়তা পায়।
সাম্প্রতিক বন্যায় এসব এলাকার অনেক পরিবারের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দফা বন্যায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ায় ব্যাহত হয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয়রা জানান, বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানবিক সংকটে রয়েছে। এ অবস্থায় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পেয়ে দুর্গত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, বোয়ালখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা।


































