পরকীয়ায় বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
- সর্বশেষ আপডেট ০২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 20
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ইসলাম মাইশাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মুন্সীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইশা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন একই ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি প্রবাসী সুজনের সঙ্গে মাইশার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। এ নিয়ে মাইশাকে একাধিকবার মারধর করা হয় বলেও অভিযোগ স্বজনদের।
স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে মাইশাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সুজন। সেখান থেকে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়। হাসপাতালে গিয়ে মাইশার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্বজনেরা পুলিশকে খবর দেন। পরে হাসপাতাল থেকেই সুজনকে আটক করে পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






























