দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১২:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 27
দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, দেশের জন্যও সম্মানের। দীর্ঘদিন পর হাফেজদের উৎসাহ ও সম্মান জানানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার নীতি সরকারের রয়েছে।
মেধাবীদের উৎসাহ ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সঠিকভাবে উৎসাহিত ও মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্মের পাশাপাশি দেশ ও দেশের মানুষও পাবে।
সরকার গঠনের পর থেকেই মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবেই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সফল হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হাফেজদের শিক্ষকরা বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভব হলে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানাতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, তা করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, দেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের, দেশের এবং দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—এটাই সরকারের প্রত্যাশা।
দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের ধরন ভিন্ন হতে পারে, তবে লক্ষ্য একই; দেশে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষকে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়া।
সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য ভালো পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের বই উপহার দেন। এ সময় তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেসব সূরা তিলাওয়াত করে পুরস্কার অর্জন করেছেন, সেগুলোর আয়াতও প্রধানমন্ত্রীর সামনে তিলাওয়াত করেন।
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগী সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতার একটি বিভাগে মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। একই প্রতিযোগিতায় বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান এবং দুই নারী প্রতিযোগী রাবিতা বিনতে রমজান ও মাসফিরা বিনতে মাহমুদও বিভিন্ন বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





























