শিক্ষিকা রনজিলার মৃত্যু
র্যাবের আটক ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি

- সর্বশেষ আপডেট ০৭:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 134
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছিনতাইয়ে সরাসরি জড়িত থাকার অভিযোগে খোকন ও রাজীব মাতব্বর নামে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে রনজিলার মৃত্যুর ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ডিবি জানায়, মঙ্গলবার মিরপুরের মনিপুর এলাকা থেকে খোকন এবং সাভারের বিরুলিয়া থেকে রাজীব মাতব্বরকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে থাকা খোকন রনজিলার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন। এতে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিলা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, রনজিলার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল রনজিলার বলে তাঁর স্বামী মোহাম্মদ আবদুল মতিনও শনাক্ত করেছেন।
গত ২৯ আগস্ট শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে জাতীয় সংসদ ভবনের খেজুরবাগানের সামনে ছিনতাইয়ের শিকার হন রনজিলা। ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বামী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকা ও সাভারে অভিযান চালিয়ে খোকন ও রাজীবকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ভাষ্য অনুযায়ী, খোকনকে মিরপুরের মনিপুর পশ্চিমপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসে রনজিলার ব্যাগে হ্যাঁচকা টান দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার বড়বাগ এলাকা থেকে রনজিলার ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে মিরপুর-১ এলাকা থেকে তাঁর মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অন্যদিকে সাভারের বিরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় রাজীব মাতব্বরকে। ডিবির দাবি, ঘটনার সময় রাজীব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ি এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে ৬২২টি ইয়াবাও উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।
ডিবিপ্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে।
রনজিলার মৃত্যুর ঘটনায় এর আগে গত ৩০ আগস্ট র্যাব-২ রাকিব, প্যারা পনির ও সেড্রিক নামে তিনজনকে গ্রেপ্তার করেছিল। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। সে সময় র্যাব জানিয়েছিল, রাকিব ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক এবং অন্য দুজন তাঁর সঙ্গে ছিলেন। তবে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন।
র্যাবের হাতে গ্রেপ্তার ওই তিনজনের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময়ে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনজিলার মৃত্যুর ঘটনায় কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত নন।
র্যাবের উদ্ধার করা মোটরসাইকেল নিয়েও ব্যাখ্যা দেন ডিবিপ্রধান। তিনি বলেন, র্যাব যে মোটরসাইকেলটি ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল, সেটি সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তবে দুটির মধ্যে পার্থক্য পাওয়া গেছে। ফুটেজে থাকা মোটরসাইকেলের রং এবং র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রং এক নয়।
ডিবি জানায়, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় একটি মোটরসাইকেলে দুজনকে দেখা যায়। রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে ছিলেন খোকন। তদন্তে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি রাজীবের নিজের বলে জানা গেছে। এটি ভাড়া করা হয়নি। এছাড়া খোকনের পরনের শার্ট, হাতে থাকা ঘড়ি ও মাথায় থাকা ক্যাপও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে নতুন করে গ্রেপ্তার দুজনের কোনো যোগাযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, তদন্তে তাঁদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তাঁদের দুটি পৃথক গ্রুপ বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার তিনজনের রনজিলা হত্যা মামলায় সম্পৃক্ততা না থাকায় তাঁদের এই মামলা থেকে বাদ দেওয়া হবে। তবে তাঁদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেসব মামলায় আইনগত প্রক্রিয়া চলবে।
ডিবির ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় রনজিলার স্বামী ছিনতাইকারীকে এক ঝলক দেখেছিলেন। পরে তদন্তকারীদের কাছে তিনি ওই ব্যক্তির চেহারার বর্ণনা দেন। পেছনে বসে থাকা খোকনকে দেখানোর পর তিনি তাঁকে শনাক্ত করেন বলেও জানিয়েছে ডিবি।
ডিবিপ্রধান বলেন, তদন্তে রনজিলার ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, পরনের পোশাক, ওষুধ ও টিকিটের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামত সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তথ্য-উপাত্ত ও আলামত বিশ্লেষণের ভিত্তিতেই খোকন ও রাজীবকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তের পরবর্তী ধাপে গ্রেপ্তার দুজনের সঙ্গে ঢাকার অন্য কোনো ছিনতাই বা অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার।































