সংসদের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ১১:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 140
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাই করা মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
এ ঘটনায় ৩০ আগস্ট নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়।

































