সংসদ ভবনের সামনে ছিনতাই, শিক্ষিকা নিহত
- সর্বশেষ আপডেট ০২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 21
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রনজিনার রিকশার পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারী এসে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছিনতাইকারী ও ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’




























