দুদকের চার্জশিট অনুমোদন
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ

- সর্বশেষ আপডেট ০৪:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 149
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার তিন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১-এ এ ঘটনায় মামলা করা হয়। সাবেক আইনমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক আচরণ এবং অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
তদন্তে আনিসুল হকের স্বনামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে পারিবারিক ব্যয় বাদ দিয়ে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয় ৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। ফলে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার সম্পদকে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে দুদক।
তদন্তে আরও উঠে এসেছে, আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদকের দাবি, আনিসুল হক স্বনামে ও বেনামে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হক, ভাগনে শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং মোহাম্মদ ইকবালের সহায়তায় সম্পদ অর্জন ও পরিচালনা করেছেন। তদন্তে এই তিনজনের নামে মোট ৮৪ কোটি ৫ লাখ ৭ হাজার ১ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের তদন্তে আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের চেষ্টার তথ্যও উঠে এসেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।































