জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট

- সর্বশেষ আপডেট ১১:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 175
দেড় মাসের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের পর জাতীয় গ্রিডে সরবরাহ বেড়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের পর বর্তমানে জাতীয় গ্রিডে প্রতিদিন ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে আসছে ১৬২ কোটি ঘনফুট। আর ঘাটতি পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ করা হচ্ছে আরও ১০০ কোটি ঘনফুট।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে এলএনজি সরবরাহ বাড়ানো হলে জাতীয় গ্রিডে গ্যাসের পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও।
গ্যাসের চাপ বাড়ায় সাভার, আশুলিয়া, চট্টগ্রাম ও নরসিংদীর শিল্পকারখানাগুলোতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে গাজীপুরে এখনো গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সরবরাহ বাড়ায় দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশন এবং কিছু আবাসিক গ্রাহকও আগের তুলনায় বেশি গ্যাসের চাপ পাচ্ছেন।































