দেড় মাস পর বাড়ল জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

- সর্বশেষ আপডেট ০৯:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 180
দীর্ঘ দেড় মাসের তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। মঙ্গলবার দুপুরে গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।
এর একদিন আগে সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি দেশের শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল।
সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও প্রাপ্যতা কিছুটা উন্নত হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও সার কারখানায় এখনো চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে এসব খাতে চলমান সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জ্বালানি সংকট মোকাবিলায় চলতি সেপ্টেম্বর মাসে ১০টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে একাধিকবার দরপত্র আহ্বান করেও সবগুলো কার্গো নিশ্চিত করা সম্ভব হয়নি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৯টি কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে।
আমদানি করা এসব এলএনজি কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসছে দুটি। স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো থেকে আসছে আরও দুটি কার্গো। বাকি পাঁচটি কার্গো স্পট মার্কেট বা খোলাবাজার থেকে কেনা হয়েছে।































