টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ সুবিধাভোগী
- সর্বশেষ আপডেট ১২:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের টিসিবির কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, পণ্যের সরবরাহব্যবস্থায় এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। এ কারণে উৎপাদন পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত দামের যে বড় পার্থক্য রয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
টিসিবির কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, কার্ড হারিয়ে গেলেও যাতে সুবিধাভোগীরা পণ্য কেনা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।
ডিলার নিয়োগের বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইনে ডিলার নিয়োগের ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থানের সংকট থাকলেও চাহিদার তুলনায় বেশি মানুষকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব নয়। কোনো খাতেই প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ নেই।
































