ডা. শফিকুর রহমান
রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই
- সর্বশেষ আপডেট ০৪:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 25
বৃহত্তর রংপুরের মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা বৃহত্তর রংপুরের মানুষের অধিকার থেকে বঞ্চিত করবে, তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে।
সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না। ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য।’ চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িতদের সমালোচনা করে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করছে, তারা সমাজের আবর্জনা। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ক্ষমতা কারও জন্য স্থায়ী নয়। মহান আল্লাহ যাদের ক্ষমতায় অধিষ্ঠিত করেন, সময়ের ব্যবধানে তাদের সেই ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন। তাই ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে।
জামায়াতের আমির বলেন, দেশের মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত সমাজ চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা নায়েবে আমির ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেন।
































