বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন: শি জিনপিং
- সর্বশেষ আপডেট ০৪:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 19
বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিভিন্ন সম্ভাবনাময় খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও সম্প্রসারণে বেইজিং প্রস্তুত।
বেইজিংয়ে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রমে সমর্থন জানায় এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী।
তিনি আরও বলেন, বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন রূপরেখা প্রণয়ন, পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে চীন প্রস্তুত।
এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিং শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।





































