ছুটির দিনেও সরকারের বিরুদ্ধে জামায়াত আমিরের অভিযোগ!
- সর্বশেষ আপডেট ০৩:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 25
রাষ্ট্রের মৌলিক সংস্কারের দাবিগুলো সরকার অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ভোট কমিশন ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার বিষয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন ভোট কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সরকার আন্তরিক নয়। তার ভাষায়, যেসব প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে অতীতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো এখনো আগের অবস্থাতেই রয়ে গেছে।
তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি কার্যকর রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবে পূরণ হয়নি।
জামায়াত আমির বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও সংস্কারবিষয়ক গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। তার অভিযোগ, প্রায় ৭০ শতাংশ ভোটারের মতামত উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়নে অনীহা দেখিয়েছে। এ বিষয়ে বিরোধী দল সংসদে একাধিকবার আলোচনা দাবি করেছে এবং ১১-দলীয় জোটও ধারাবাহিক কর্মসূচি পালন করছে বলে জানান তিনি।
রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার অপব্যবহার, জবাবদিহিতার অভাব এবং জনগণের অধিকার ক্ষুণ্ন হওয়ার কারণে দেশে ন্যায়বিচার, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে না।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণেই স্বাধীনতার পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে এখনো সামাজিক শৃঙ্খলা, জানমালের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
































