পলাশবাড়ীতে বরকে তওবা পড়িয়ে কান ধরে উঠবস
- সর্বশেষ আপডেট ০২:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 31
গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়েকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর, কান ধরে উঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় সালিশের বিরুদ্ধে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ সালিশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কাবিননামায় নাম পরিবর্তন করে রাসেল ব্যবহার করার অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি সামনে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাবিননামার তথ্য অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীমের মেয়ে চাঁদনী আক্তার গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, বিয়ের সময় চাঁদনী নিজের নাম পরিবর্তন করে রাসেল পরিচয় ব্যবহার করেন।
স্থানীয়দের দাবি, বিয়ের পর তাঁদের সম্পর্ক ও পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক ডাকা হয়।
সালিশে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৈঠক চলাকালে রাসেল নামে পরিচিত চাঁদনীকে মারধর করা হয় এবং কান ধরে উঠবস করানো হয়। তাঁকে তওবা পড়ানোর ঘটনাও ঘটে।
সালিশে উপস্থিত পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই ব্যক্তিকে তওবা পড়ানো হয়েছে।
তবে সালিশে মারধরের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ঘটনার বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


































